ফরিদপুরের মধুখালীতে এইচএসসির প্রাক্-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রে বিয়ে ও স্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আলোচনায় এসেছেন দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী। ইসলামী ইতিহাস পরীক্ষার খাতায় সরকারের কাছে যুবকদের জন্য বউয়ের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তিনি। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আইনউদ্দিন কলেজে। ওই শিক্ষার্থীর নাম ফয়সাল আলী। তিনি মধুখালীর রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে।
পরীক্ষার উত্তরপত্রে ফয়সাল লেখেন, বাংলার তরুণেরা ভালোবাসা ও জীবনসঙ্গী চান। বিশেষ করে শীতের সময়ে স্ত্রী ছাড়া থাকা কষ্টকর বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নিজের দুই বন্ধু অভি ও ছামির প্রসঙ্গ টেনে সরকারের কাছে যুবকদের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আবদার জানান।
শুধু বউ চাওয়ার বিষয়েই থেমে থাকেননি ওই শিক্ষার্থী। উত্তরপত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও ব্যঙ্গাত্মক ছন্দ লেখেন। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসার কথাও প্রকাশ করেন তিনি।
বিষয়টি নজরে আসার পর কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অসন্তোষ জানানো হয়েছে। সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, পরীক্ষার খাতায় এমন লেখা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। শিক্ষার্থীদের এ ধরনের আচরণ শেখানো হয়নি। এ ঘটনায় বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ইতিমধ্যে ওই শিক্ষার্থীর বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিষ্টাচার ও শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সদ্য সংবাদ/এসএস