বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং আন্তদেশীয় অপরাধ দমনে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় হয়।
আলোচনায় অর্থপাচার প্রতিরোধ, সাইবার অপরাধ শনাক্ত ও তদন্ত এবং ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণ বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আমিরাতে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। এ ক্ষেত্রে মানবপাচার ও ভিসাসংক্রান্ত জালিয়াতি রোধে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির আন্তদেশীয় অপরাধ মোকাবিলা এবং প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস