সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আগুন দুর্ঘটনাজনিত, নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, তা নিশ্চিত হতে যৌথভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরের ওই বাড়িটি টিনশেড ও আধাপাকা। সেখানে কেউ বসবাস করতেন না। বাড়িতে থাকা দুটি ছাগল আগুনে মারা গেছে। পাশাপাশি কিছু কাপড়চোপড় ও জুতা তৈরির সরঞ্জাম পুড়ে গেছে।
ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ শুরু করে। ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয় অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে বিজিবির সদস্যরাও যান। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আগুনের কারণ সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলের বিভিন্ন আলামত, দেয়ালের অবস্থা এবং স্থানীয়দের বক্তব্য পর্যালোচনা করা হয়েছে। সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ শোনা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। দেয়ালেও এ ধরনের বিস্ফোরকের ব্যবহারের দৃশ্যমান চিহ্ন মেলেনি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও পেট্রোল বোমা ব্যবহারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, বাড়িটির বৈদ্যুতিক সংযোগ ও ওয়্যারিং অনেক পুরোনো এবং দুর্বল ছিল। ঘটনাস্থলের একটি ছবিতে শর্ট সার্কিটের সম্ভাব্য লক্ষণও দেখা গেছে। এ কারণে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় ৭০৩ নম্বর সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, তদন্তে যদি কারও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সংসদ অধিবেশনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার আহ্বান জানান। তিনি বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা সবার জন্য উদ্বেগের। তাই দ্রুত তদন্ত শেষ করে সংসদে বিষয়টির বিস্তারিত জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সদ্য সংবাদ/এসএস