সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি দেওয়া, বদলি ও পদোন্নতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানা ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এ গ্রেপ্তারের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গুলশান থানা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আসাদুল ইসলাম একসময় সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তাঁর চাকরি চলে যায়। তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে। বাবার নাম আবুল মজিদ মোল্লা।
চাকরিচ্যুত হওয়ার পর তিনি নিজেকে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর হিসেবে পরিচয় দিতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) কর্মকর্তা হিসেবেও পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বলে প্রচার করতেন আসাদুল। এসব প্রভাব ও যোগাযোগের কথা বলে চাকরি, বদলি কিংবা পদোন্নতির আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিতেন বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া মেজর পরিচয় ব্যবহার করে সচিবালয়ে যাতায়াত এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে প্রতারণার চেষ্টা করার তথ্যও পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আসাদুলের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গুলশান থানা পুলিশের সহযোগিতায় বুধবার রাতে আসাদুলকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাঁকে পাবনায় নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আদালতে পাঠানো হবে।
সদ্য সংবাদ/এজে