গণভোটের রায় মেনে নেওয়ার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে দৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, জনগণের দেওয়া রায় উপেক্ষা করে জাতীয় ঐক্যের আহ্বান কার্যকর করা সম্ভব নয়।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশ নেন।
গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানালেও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সেই ঐক্য প্রতিষ্ঠার পথে সরকারই বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থন পাওয়া রায়কে সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার যুক্তিতে প্রত্যাখ্যান করা যায় না। জনগণের সিদ্ধান্ত মেনে নিলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শ্রমিক-জনতার ঐক্য আরও শক্তিশালী হবে।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, শিল্পের উন্নয়ন ও টিকে থাকার জন্য শ্রমিকদের জীবনমান নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের ন্যূনতম অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং অসুস্থ হলে চিকিৎসার সুযোগ নিশ্চিত না করে শিল্পের অগ্রগতি সম্ভব নয়। এ সময় প্রচলিত শ্রমনীতির পরিবর্তে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়েও বক্তব্য দেন গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ পরিচালনায় নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি দাবি করেন, সরকারের দায়িত্বশীল পর্যায়ের কিছু ব্যক্তিও এর সঙ্গে জড়িত থাকতে পারেন। দেশের স্বার্থ বিবেচনায় বন্দরসহ সব জাতীয় সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আধিপত্য মেনে নেওয়া হবে না। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত হলেই দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব। এ জন্য জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি আধিপত্যবাদী প্রভাব মোকাবিলায় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন শেষে ২০২৭-২০২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমানকে পুনরায় চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত ও মনোনীত করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলামসহ দল ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ ছাড়া সংগীত পরিবেশন এবং শহীদ পরিবারের প্রতিনিধির উপস্থিতিও ছিল সম্মেলনে।
সদ্য সংবাদ/এজে