মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার পক্ষে কথা বলতে গিয়ে নানা ধরনের চাপ ও ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছেন বলে দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তাঁর অভিযোগ, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের কথা বলায় একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করে ফজলুর রহমান বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় প্রথম ধনপুর এলাকায় এসেছিলেন তিনি। সে সময় সেখানে তেমন কোনো বসতবাড়ি ছিল না। সেই দিনের স্মৃতি এখনো তাঁর মনে রয়েছে। তবে বর্তমানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও আদর্শের পক্ষে কথা বলতে গিয়ে তাঁকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
নিজের বিরুদ্ধে চলমান প্রচারণার বিষয়ে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে এসব প্রচারণা দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ সময় নিজের ওপর তৈরি হওয়া চাপের কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, এই পরিস্থিতি কতটা সহ্য করতে পারবেন, তা তিনি জানেন না। এ জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।
তবে সব প্রতিকূলতার মধ্যেও সত্যের জয় হবে বলে আশাবাদী ফজলুর রহমান। তাঁর বিশ্বাস, মুক্তিযুদ্ধের আদর্শের বিজয় হবে এবং স্বাধীনতাবিরোধী শক্তির পরাজয় ঘটবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও আস্থা প্রকাশ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পারবেন এবং এর যথাযথ বিচার করবেন বলে আশা প্রকাশ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
বক্তব্যের শেষ পর্যায়ে ফজলুর রহমান আবারও সত্যের জয় এবং মিথ্যার পরাজয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সদ্য সংবাদ/এসএস