দেশের যোগাযোগ অবকাঠামোয় বড় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজিয়েছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পণ্য পরিবহণেও গতি বাড়বে বলে আশা করছে সরকার।
সরকারের ২০২৬-২০৩১ মেয়াদের কর্মপরিকল্পনায় সড়ক যোগাযোগের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু নতুন মহাসড়ক নির্মাণ নয়, বিদ্যমান সড়কের সক্ষমতা বাড়ানো, গ্রামীণ যোগাযোগ উন্নয়ন, নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং যানজট কমানোর বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের আওতায় ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর-ময়মনসিংহ, রামপুরা-ডেমরা, গাবতলী-নবীনগর এবং রংপুর-ভোগড়া করিডরকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব রুটে দ্রুত ও নির্বিঘ্ন যান চলাচলের উপযোগী অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসের মধ্যে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য সড়ক করিডর চিহ্নিত করে ম্যাপিং করা হবে। কোন সড়কে যানবাহনের চাপ বেশি, কোথায় শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম বিস্তৃত এবং কোন পথে যাত্রী ও পণ্য পরিবহণের চাহিদা বেশি—এসব বিষয় বিশ্লেষণ করে প্রকল্পের অগ্রাধিকার ঠিক করা হবে।
এরপর এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড সম্প্রসারণ করা হবে।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আধুনিক, নিরাপদ ও গতিশীল যোগাযোগব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। দেশের প্রতিটি জেলাকে চার লেনের সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করতে চায় সরকার।
তিনি জানান, প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাবনা, পরিবেশগত প্রভাব এবং জনস্বার্থকে বিবেচনায় রাখা হবে।
এদিকে জাতীয় মহাসড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক উন্নয়নেও নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। যেসব এলাকায় কৃষিপণ্য উৎপাদন বেশি, অথচ বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ দুর্বল, সেসব অঞ্চলের সড়ক উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ছয় মাসে প্রয়োজনীয় এলাকাগুলো চিহ্নিত করে পরবর্তী এক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক পাকাকরণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
সরকারের প্রত্যাশা, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষকরা কম সময়ে উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন। একই সঙ্গে প্রত্যন্ত এলাকার মানুষের শিক্ষা ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগও বাড়বে।
সড়কের স্থায়িত্ব রক্ষায় ভারী যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের বিষয়টিও কর্মপরিকল্পনায় রাখা হয়েছে। এ জন্য জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন, নিয়ন্ত্রণ স্টেশন বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।
নতুন মহাসড়কের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপর একাধিক বড় সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু।
প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এক বছরের মধ্যে সমীক্ষা শেষ করে প্রকল্পগুলোর কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত দিক মূল্যায়ন করা হবে।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, দেশের গুরুত্বপূর্ণ সড়কপথগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করা হচ্ছে। যানবাহনের চাপ, শিল্পাঞ্চলের অবস্থান এবং পণ্য পরিবহণের প্রয়োজনীয়তা বিবেচনা করেই সম্ভাব্য করিডর নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনে করেন, এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক কার্যকর করতে হলে শুধু মূল সড়ক নির্মাণ যথেষ্ট নয়। এর সঙ্গে সংযোগ সড়ক, পানি নিষ্কাশন, নির্মাণমান, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
তবে এত বড় অবকাঠামো পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন, জমি অধিগ্রহণ এবং প্রকল্পের কারিগরি প্রস্তুতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বুয়েটের পরিবহণ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে দীর্ঘমেয়াদি যানবাহন চলাচলের চাহিদা বিশ্লেষণ করা জরুরি। শুধু সড়কের পরিধি বাড়ালেই যানজট কমবে না। এর সঙ্গে গণপরিবহণ, পার্কিং, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়কের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা সমন্বিতভাবে উন্নত করতে হবে।
সব মিলিয়ে, পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সড়ক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে পরিকল্পনার ঘোষণার পাশাপাশি নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা এবং নির্মিত অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করাই হবে সরকারের জন্য বড় পরীক্ষা।
সদ্য সংবাদ/এজে