এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখতে চায় না সরকার। এ জন্য প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থীর পরীক্ষার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তার কথাও জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন-২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের দীর্ঘদিন বসে থাকতে হলে তাদের পড়াশোনায় আগ্রহ কমে যেতে পারে। এমনকি তারা মাদক কিংবা মোবাইলের প্রতি আসক্ত হওয়ার ঝুঁকিতেও পড়তে পারে। তাই শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।
দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি ছিল। কোথাও প্রয়োজনের চেয়ে বেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কোথাও প্রয়োজন থাকলেও প্রতিষ্ঠান স্থাপন করা হয়নি। ফলে অনেক কলেজে শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই, আবার কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকসংকট রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর এমন অসংগতি দূর করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ঠিক রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পরীক্ষার খাতা মূল্যায়নের পদ্ধতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এসএসসির ৫২ হাজার এবং এইচএসসির ২৩ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর ফলাফলে পরিবর্তন এসেছে। এতে মূল্যায়ন প্রক্রিয়ায় আরও সতর্কতা ও নজরদারির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ভর্তি কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে উচ্চশিক্ষার জন্য ১৫ লাখ আসন রয়েছে। এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এ প্রক্রিয়ায় প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থাও করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। আগামী বছর যেসব ক্ষেত্রে ভুলত্রুটি রয়েছে, সেগুলো সংশোধনের চেষ্টা করা হবে। এ বছর চতুর্থ শ্রেণির নতুন বই দেওয়া হয়েছে এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার বই চালু করা হয়েছে।
শিক্ষার্থীদের কর্মদক্ষ করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসারের ওপরও জোর দেন মন্ত্রী। তার মতে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান বাড়ানোই হওয়া উচিত প্রধান লক্ষ্য।
শিক্ষকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, শিক্ষকদের রাজপথে না গিয়ে শ্রেণিকক্ষে দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের নিয়মিত পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে উপস্থিত অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ সময় দেশের অতীত শিক্ষানীতির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস