রাজনৈতিক বিরোধে পাল্টাপাল্টি বক্তব্য ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জুলাইয়ের ঐক্য পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবিদুল।
পোস্টে তিনি জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণেরও দাবি জানান তিনি।
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রতি সংহতি প্রকাশ করে আবিদুল লেখেন, নুসরাত তাঁদের জুলাইয়ের কন্যা, বোন ও সহযোদ্ধা। তাঁর মতো সহযোদ্ধাদের পাশে পূর্ণশক্তি নিয়ে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন এই ছাত্রদল নেতা। পাশাপাশি দেশের যেখানেই ফ্যাসিবাদী শক্তির উপস্থিতি দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে আবিদুল অভিযোগ করেন, হাজার হাজার মানুষ হত্যার পরও সংশ্লিষ্টদের মধ্যে অনুশোচনা নেই। তারা আবারও সহিংসতার পথে ফিরতে চায় বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানান।
পোস্টের শেষাংশে আবিদুল বলেন, শেখ হাসিনা ও তাঁর দলীয় সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দেশজুড়ে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংগঠিত অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই শক্তির পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না।
সদ্য সংবাদ/এজে