ইশরাক হোসেন বলেন, 'বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই অবস্থানে এসেছে। আমরা ভেসে আসিনি। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে, বহু ভাইয়ের রক্ত রয়েছে।'
জামায়াতের এক প্রার্থীর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, 'ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর এমন বক্তব্য দুঃখজনক। এসব কথা এখন হাস্যরসে পরিণত হয়েছে এবং কেবল নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেই বলা হচ্ছে।'
'এতদিন তারা কোথায় ছিল' প্রশ্ন তুলে ইশরাক বলেন, '৫ আগস্টের পর, বিশেষ করে ২৪ আগস্টের পর একটি গুপ্ত বাহিনী হঠাৎ করে দৃশ্যমান হয়েছে। ভোরবেলায় যখন রাস্তায় সাধারণ মানুষ থাকত না, তখন তারা অন্ধকারে মিছিল করে চলে যেত, এটাই ছিল তাদের আন্দোলনের চিত্র। বিপরীতে বিএনপি রাজপথে বুক ফুলিয়ে দাঁড়িয়েছে, গুলির মুখে থেকেছে।'
ঢাকার সব আসনেই জামায়াত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দাবি করে ইশরাক হোসেন বলেন, 'এসব বক্তব্য মূলত নেতাকর্মীদের সাহস জোগানোর জন্যই। তবে অন্য কোনো উদ্দেশ্য থাকলে নির্বাচনের অনেক আগেই তাদের ঢাকা থেকে বিতাড়িত করা হবে।'
গণসংযোগে এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।