জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কোনো ভোট ডাকাতি দেখতে চান না তারা। তিনি বলেন, ইনসাফ বা ন্যায়বিচার না থাকার কারণেই দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করে ‘বেগমপাড়া’ গড়ে তুলেছে। দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদের ছায়া দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “নতুন কোনো পোশাকে যদি ফ্যাসিবাদের উত্থান হয়, তাহলে তার পরিণতিও ৫ আগস্টের মতো হবে।”
নারী অধিকার ও নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কর্মক্ষেত্রে নারীরা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। “রাস্তা-ঘাটে চলাফেরাসহ সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। নারী-পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলব,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা কিছু বন্ধুদের স্পষ্টভাবে বলতে চাই—মেহেরবানি করে মায়েদের ইজ্জতের বিষয়ে কখনও টান দেবেন না। সবকিছু সহ্য করা গেলেও এই বিষয়ে কোনো আপস করা হবে না।”
দুর্নীতি ও চাঁদাবাজির সমালোচনা করে জামায়াত আমির বলেন, “১০ দলীয় জোটকে ভোট দেওয়ার অর্থ হলো চাঁদাবাজির বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট দেওয়া। দেশে সরকারি করের বাইরেও একটি ‘বেসরকারি ট্যাক্স’ চালু আছে। এমনকি রাস্তার পাশে বসে থাকা ভিক্ষুকদের কাছ থেকেও তা আদায় করা হয়। ইনশাআল্লাহ, এই চাঁদাবাজি বন্ধ করা হবে।”
তিনি বলেন, ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতার কাঠামো পরিবর্তনের সময় এসেছে। “গণভোটে মানুষ ‘হ্যাঁ’ বললেই আমরা আগামীর একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারব,”—বলেন জামায়াত আমির।