রাজধানীর তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দলটির একটি ব্যানারও জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আশুলিয়া সড়কের প্রত্যাশা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিতুল হাসান (১৯)। তাদের সবার বাড়ি গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আমজাদ হোসেন ওরফে কবির উদ্দিন মোল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ প্রত্যাশা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় আওয়ামী লীগের ব্যানারসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা ব্যানারটির দৈর্ঘ্য ৭ ফুট এবং প্রস্থ ৩ ফুট। এতে লেখা ছিল, ‘শেখ হাসিনা বীরের বেশে, ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে।’
সদ্য সংবাদ/এজে