পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর রাজনৈতিক আদর্শ, অধিকার আদায়ের সংগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শোক র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। র্যালি শেষে মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত নেতাকর্মীরা। পরে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেএসএসের দীঘিনালা থানা কমিটির সভাপতি মৃনাল কান্তি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুভাস কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক প্রশান্ত চাকমা এবং খাগড়াছড়ি জেলা কমিটির শোভা কুমার চাকমা।
সভায় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিকের দীঘিনালা থানা কমিটির সভাপতি রিপন চাকমাসহ জেএসএসের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।
বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা জীবনের শেষ দিন পর্যন্ত পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। তাঁর আন্দোলন কেবল পাহাড়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না; শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দেশের নিপীড়িত মানুষের অধিকার আদায়ও ছিল তাঁর সংগ্রামের অংশ। তাঁর দেখানো আদর্শ অনুসরণ করেই জেএসএস এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা।
জেএসএসের দীঘিনালা থানা কমিটির সাধারণ সম্পাদক সমির চাকমা বলেন, এমএন লারমা শুধু জুম্ম জনগোষ্ঠীর অধিকার আদায়ের নেতা নন, তিনি সমগ্র জুম্ম জাতির গর্ব ও অহংকার। আত্মপরিচয়, সংস্কৃতি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, আদর্শ ও রাজনৈতিক চিন্তাধারা তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সুভাস কান্তি চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে তরুণ ও নারী সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে চুক্তির যথাযথ বাস্তবায়ন জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর তৎকালীন রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম জেলার বুড়িঘাট মৌজার মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন। কাপ্তাই বাঁধের বিরোধিতা করে ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার পর ১৯৬৩ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের হাতে গ্রেপ্তার হন তিনি।
১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির ভগবান টিলা এলাকায় নিজের গঠিত শান্তিবাহিনীর বিভেদপন্থী একটি দলের হামলায় আট সহযোদ্ধাসহ নিহত হন এমএন লারমা।
সভাপতি মৃনাল কান্তি চাকমার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে স্মরণসভার কার্যক্রম শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও নারী প্রতিনিধিরাও অংশ নেন।
সদ্য সংবাদ/এজে