সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় তিনি এ বৈঠক করেন বলে জানা গেছে।
বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় তৎপর হয়েছে পুলিশ। এরই মধ্যে দলটির তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করে সদর মডেল থানা-পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৈঠকটি কোথায় এবং কীভাবে আয়োজন করা হয়েছিল, তা জানতে তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাটি সামনে আসে সোমবার (৯ নভেম্বর) বিকেলে। ওই দিন বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। সেখানে দেখা যায়, একটি ব্যানারের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন তিনি। ব্যানারে শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভার কথা উল্লেখ ছিল। আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নামও দেখা যায়।
ভিডিওতে রনজিত সরকার দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকেও দেখা গেছে। ওমর ফারুক বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও এর স্থান সম্পর্কে বিস্তারিত বলতে রাজি হননি।
অন্যদিকে, রনজিত সরকার সিলেটের এক সাংবাদিকের কাছে মেসেঞ্জারে পাঠানো বার্তায় জানান, এ বিষয়ে কোনো তথ্য দিতে পারবেন না। বৈঠক শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন বলেও দাবি করেন তিনি।
তবে বৈঠকটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে মিল পাওয়া যায়নি। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের দাবি, জেলার সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা রয়েছে। সেখান দিয়ে রনজিত সরকারের প্রবেশের সুযোগ নেই। তাঁর ধারণা, সুনামগঞ্জের নেতাকর্মীদের সিলেটের কোনো সীমান্ত এলাকায় নিয়ে বৈঠকটি করা হয়ে থাকতে পারে।
তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তাঁর ভাষ্য, বৈঠকটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি; বরং সুনামগঞ্জের সীমান্তবর্তী কোনো স্থানে হয়েছে। সভায় অংশ নেওয়া ব্যক্তিরা সুনামগঞ্জের বাসিন্দা হওয়ায় তিনি এমন ধারণা করছেন।
এদিকে, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, সীমান্ত এলাকায় খোঁজখবর নেওয়া হয়েছে। তবে সেখানে এ ধরনের কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
সাবেক সংসদ সদস্যের সীমান্ত পেরিয়ে দেশে আসা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং পুনরায় ভারতে ফিরে যাওয়ার দাবি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস