বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ আলোচনায় বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার ভবিষ্যৎ সমর্থন অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আশাবাদ প্রকাশ করেন তাঁরা।
বৈঠকে আর্জেন্টিনার দূতাবাসের মিশন উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও আলোচনায় অংশ নেন।
সদ্য সংবাদ/এসএস