অসুস্থ বাবাকে দেখতে ভারতের কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন তিন বাংলাদেশি। তবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে তাদের আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ধলিয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পলাশপুর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম।
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের হালিশহর এলাকার নন্দন কুমার দে (৩১), খাগড়াছড়ির রামগড় উপজেলার শশানটিলা এলাকার সঞ্জয় দে (৪৩) এবং মাটিরাঙ্গার অযোধ্যা নুরনবী পাড়ার মো. সাদ্দাম হোসেন (৩৫)।
বিজিবি জানায়, খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) অধীন অযোধ্যা বিওপির একটি টহল দল সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ধলিয়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে প্রবেশের প্রস্তুতিকালে ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি চার্জার ও নগদ ২ হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, নন্দন কুমার দে-এর বাবা অসুস্থ। তাকে দেখতে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এ উদ্দেশ্যে বৈধ পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন তারা।
পরে আটক ব্যক্তিদের জব্দ করা মালামালসহ মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে বিজিবি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, সোমবার রাতে বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পলাশপুর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন।
সদ্য সংবাদ/এসএস