জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও বিভিন্ন সময়ে গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত স্মৃতিবিজড়িত সামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। পর্যায়ক্রমে সংগ্রহ করা সব ঐতিহাসিক নিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে তুলে ধরা হবে বলে সংসদে আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলির এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
সংসদে সানজিদা ইয়াসমিন তুলি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে প্রাণ হারানো ও নির্যাতনের শিকার ব্যক্তিদের ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন এখনো জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করা হয়নি। এসব নিদর্শনের মধ্যে রয়েছে রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগ।
তিনি জানতে চান, প্রদর্শনের বাইরে থাকা এসব সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না এবং সেগুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে।
সংসদ সদস্য বলেন, এসব জিনিস শুধু শহীদদের পরিবারের কাছে আবেগের স্মারক নয়, বরং দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। তাই কোনো নিদর্শন যেন হারিয়ে না যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন সম্পন্ন হলেও এর পূর্ণাঙ্গ কার্যক্রম এখনো চলমান। এ কারণে সংগৃহীত সব স্মৃতিচিহ্ন একসঙ্গে প্রদর্শন করা সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে সব নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে সরকার দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করে। এ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট স্মৃতিচিহ্নগুলো যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় প্রদর্শনের বাইরে থাকা নিদর্শনগুলোর একটি তালিকা সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলির কাছে চান সংস্কৃতিমন্ত্রী। তালিকা হাতে পেলে সেগুলো দ্রুত পর্যালোচনা করে জাদুঘরে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
সদ্য সংবাদ/এসএস