ঠাকুরগাঁও, রংপুর ও দিনাজপুরের মধ্যে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিকেরা। মালিক সমিতির অভ্যন্তরীণ বিরোধের জেরে টানা ১৭ দিন ধরে বন্ধ রয়েছে এ তিন জেলার বাস চলাচল। কাজ ও আয় হারিয়ে সংকটে পড়া শ্রমিকেরা মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও বাস টার্মিনাল সড়কে মিনিবাস ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। আকস্মিক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
শ্রমিকদের দাবি, ঠাকুরগাঁও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সঙ্গে রংপুর ও দিনাজপুরের মালিক সমিতির বিরোধের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। মালিকদের এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে শ্রমিকদের জীবিকায়। দীর্ঘদিন কাজ না থাকায় অনেকেই পরিবার নিয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
বিক্ষোভকারীরা জানান, বাস চলাচল বন্ধ থাকায় তাঁদের নিয়মিত উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। মালিক সমিতির বিরোধের দায় শ্রমিকদের বহন করতে হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলে তাঁরা দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা। তাঁরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।
ঠাকুরগাঁও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, শ্রমিকদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সব মালিকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর অভিযোগ, রংপুর ও দিনাজপুরের মালিক সমিতি তাঁদের কথা শুনছে না।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, মালিক সমিতিগুলোর মধ্যকার বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
প্রশাসন ও মালিক সমিতির নেতাদের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা। তবে ১৭ দিন ধরে চলা বাস চলাচলের অচলাবস্থা কবে কাটবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে কাজে ফিরতে পারা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন সংশ্লিষ্ট পরিবহন শ্রমিকেরা।
সদ্য সংবাদ/এজে