ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।
এসআরবি সদর দপ্তরের একটি সূত্র গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে সাঈদ খোকনকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীকেও আসামি করার কথা রয়েছে।
এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়ে আদালতে আবেদন করেছিল তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আবেদনে সাঈদ খোকনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দেশে-বিদেশে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পাশাপাশি এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনের যোগসূত্র পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল।
অর্থ স্থানান্তর বা উত্তোলনের মাধ্যমে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ রাখার আবেদন করা হয়।
এ ছাড়া সাঈদ খোকনের মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। তবে মঙ্গলবারের গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এজে