ভারতকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আশ্রয়, আনন্দ ও নিরাপত্তার জায়গা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার অভিযোগ, আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে স্বাধীনতার চেতনার কথা বললেও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামেক শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে রিজভী বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। দেশটিকে আওয়ামী লীগ নিজেদের নিরাপদ ও প্রশ্রয়ের জায়গা মনে করে। তার ভাষায়, দলটির নেতারা ভারতকে নিজের দেশ ভাবলেও বাংলাদেশকে সেভাবে বিবেচনা করেন না।
আওয়ামী লীগের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, দলটি স্বাধীনতার চেতনার কথা বললেও তাদের শাসনামলে লুটপাট ও ব্যাংক লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। তিনি আরও দাবি করেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনগণকে অবহিত না করে অন্য দেশের সঙ্গে কোনো সমঝোতা করা হলে তা জাতীয় সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক হতে পারে।
রিজভী বলেন, দেশের সংকটময় সময়ে ছাত্র-জনতা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৯০ সালে গণ-আন্দোলনের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতন এবং ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতন তার উদাহরণ।
আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। রিজভীর মতে, জিয়াউর রহমানের আদর্শ এবং ৭ নভেম্বরের চেতনা জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা দেশের শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল। সাধারণ সম্পাদক রিমন আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভায় মহানগর যুবদল ও রামেক ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস