মাগুরার মহম্মদপুরে রহস্যজনক পরিস্থিতিতে নিখোঁজ হয়েছে আট মাস বয়সী এক শিশু। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির মা অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকার পর জ্ঞান ফিরে সন্তানকে কাছে না পেয়ে স্বজনদের জানান। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর সদরের রাজবাড়ী এলাকার বাসিন্দা সমীর কুমার চক্রবর্তী ও তাঁর স্ত্রী নন্দিতা চক্রবর্তী। শীতের পোশাক কেনার জন্য সমীর স্ত্রীকে টাকা দিলে শিশুকে কোলে নিয়ে অটোরিকশায় নহাটার উদ্দেশে বের হন নন্দিতা। পরে বাবার বাড়ি থেকে আরও টাকা আনার জন্য রাজাপুরের দিকে যান তিনি।
পথে অজ্ঞাত কারণে অচেতন হয়ে পড়েন নন্দিতা। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা তাঁকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন, তাঁর কোলে থাকা আট মাসের শিশুটি সেখানে নেই।
ঘটনার পর শিশুটির স্বজনেরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। দ্রুত শিশুটিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তাঁরা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থলসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে।
ওসি আরও জানান, শিশুটির মায়ের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার কথা পুলিশ জানতে পেরেছে। চার বছর আগে তাঁর আরেকটি সন্তান মারা যাওয়ার ঘটনাও সামনে এসেছে। তবে বর্তমান ঘটনার প্রকৃত কারণ জানতে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। শিশুটিকে অপহরণ করা হয়ে থাকতে পারে—এমন সন্দেহও খতিয়ে দেখছে পুলিশ।
সদ্য সংবাদ/এজে