প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে সাজ সাজ রব বিরাজ করছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে। আগামী ১৯ নভেম্বর তাঁর সফরকে কেন্দ্র করে জেলা শহর ও আশপাশের এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর কাছ থেকে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
সফর উপলক্ষে লালমনিরহাট শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। মিশনমোড়সহ বিভিন্ন সড়কে নতুন করে রং করা হচ্ছে। পাশাপাশি সড়ক বিভাজক ও আইল্যান্ডগুলোও সাজানো হচ্ছে। অন্যদিকে, কালেক্টরেট মাঠে জনসভা ও অন্যান্য আয়োজনের জন্য তৈরি করা হচ্ছে বড় আকারের প্যান্ডেল।
দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের লালমনিরহাট সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মনে করেন, প্রধানমন্ত্রীর এই সফর জেলার মানুষের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১৯ নভেম্বর সকালে লালমনিরহাটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
পরবর্তী সময়ে তিনি একটি জনসভায় অংশ নেবেন। সফরের শেষ পর্যায়ে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় সমস্যার সমাধানে সফর থেকে কার্যকর উদ্যোগ আসবে—এমন প্রত্যাশা করছেন অনেকে।
সদ্য সংবাদ/এজে