বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এ জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। বিচারক মেহেদী হাসানের আদালতে সাঈদ খোকনের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নিয়েছিল কিশোর আবদুল মোতালিব। এ সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা আবদুল মতিন ওই বছরের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়।
সদ্য সংবাদ/এসএস