চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দীর্ঘদিন ধরে বসবাস করা একটি হিন্দু পরিবারের বসতভিটার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বাড়িঘর ভেঙে উচ্ছেদের হুমকিতে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।
উপজেলার ৪ নম্বর পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামের এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় ৫০ বছর ধরে তারা ওই জমিতে বসবাস করে আসছেন। এটিই তাদের একমাত্র আশ্রয়স্থল। কিন্তু সম্প্রতি জমির একটি অংশের মালিকানা দাবি করে চাঁপাইনবাবগঞ্জের কাশারিপাড়ার হাসনে বানু ওরফে মর্জিনা বেগমের পক্ষ থেকে জমিটি দখলের চেষ্টা করা হচ্ছে।
পরিবারটির দাবি, তাদের বসতবাড়ির সীমানার মধ্যে থাকা প্রায় দুই কাঠা জমি নিজেদের বলে দাবি করছেন প্রতিপক্ষ। এ নিয়ে বাড়িঘর ভেঙে জমি দখলের হুমকিও দেওয়া হচ্ছে। উচ্ছেদের নোটিশ দেখানোর কথা বলা হলেও সেটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। সাংবাদিকদের নোটিশ দেখানোর সময় আদালতের অ্যাডহক কমিশনার আক্তারুল ইসলাম একটি ঘষামাজা নোটিশ দেখান, যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা।
ভুক্তভোগী অমিত কর্মকার, রঞ্জিত ও হাবু কর্মকার জানান, কয়েক প্রজন্ম ধরে তারা এই ভিটায় বসবাস করছেন। অন্য কোথাও তাদের জমি বা থাকার জায়গা নেই। জমির প্রকৃত মালিক ন্যায্য মূল্যে বিক্রি করতে চাইলে তারা তা কিনতে আগ্রহী। তবে জোরপূর্বক উচ্ছেদ মেনে নেবেন না বলে জানান তারা।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের বসতবাড়ি থেকে একটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা এলাকায় উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে স্থানীয় শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় বসতভিটা রক্ষা, উচ্ছেদচেষ্টা বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জমির প্রকৃত মালিকানা নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সদ্য সংবাদ/এজে