তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ চান নদীপাড়ের মানুষ

শ
শাহিন জামান (লালমনিরহাট প্রতিনিধি )
১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৫৩:২০
ছবি: সদ্য সংবাদ

দীর্ঘদিনের নদীভাঙন, বন্যা আর শুষ্ক মৌসুমে পানির সংকটে বিপর্যস্ত তিস্তাপাড়ের মানুষের দৃষ্টি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। আগামী ১৯ নভেম্বর তাঁর লালমনিরহাট সফরকে কেন্দ্র করে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন রংপুর অঞ্চলের পাঁচ জেলার নদীতীরবর্তী বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এই সফরে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সরকার সুনির্দিষ্ট ঘোষণা দেবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, লালমনিরহাট সদর উপজেলার মণ্ডলেরহাট এলাকায় একটি মডেল খাল উদ্বোধন করবেন তিনি। তবে স্থানীয়দের কাছে এই সফরের সবচেয়ে বড় গুরুত্ব তিস্তা নদীকে ঘিরে দীর্ঘদিনের সংকটের সমাধান। তাঁদের মতে, মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীশাসন, কৃষি, সেচব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

তিস্তা নদীর ওপর নির্ভরশীল লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার লাখো মানুষের জীবন-জীবিকা। বর্ষায় নদীর ভয়াবহ ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারান অনেকে। আবার শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হয়। নদীর বুকে জেগে ওঠা বালুচরের কারণে অনেক জমি বছরের পর বছর অনাবাদি পড়ে থাকে।

এই সংকটের বাস্তব চিত্র লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা এলাকার কৃষক কাসেম আলীর জীবন। একসময় তাঁর ১৬ বিঘা আবাদি জমি থাকলেও তিস্তার ভাঙনে সবই নদীগর্ভে চলে গেছে। বর্তমানে নদীর বুকে জেগে ওঠা চরে সামান্য চাষাবাদ করে সংসার চালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সেচের পানির অভাবে উৎপাদন প্রত্যাশা অনুযায়ী হয় না।

কাসেম আলীর বিশ্বাস, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী থেকে তাঁর হারানো জমির একটি অংশ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এতে আবারও নিজের জমিতে চাষাবাদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

অন্যদিকে চর কালমাটি এলাকার আব্দুল গনির জীবনেও নদীভাঙন এনেছে চরম বিপর্যয়। তিস্তার ভাঙনে তাঁর বসতভিটাসহ ২১ বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় সচ্ছল পরিবারটির এখন জীবিকা চলে দিনমজুরি করে। নিজের জমি হারিয়ে বর্তমানে আত্মীয়ের জায়গায় আশ্রয় নিয়েছেন তিনি।

আব্দুল গনির প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর গতিপথ নিয়ন্ত্রণ ও জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। জীবনের শেষ সময়ে হলেও নিজের জমিতে আবার চাষাবাদ করতে চান তিনি।

এদিকে মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের সমীক্ষা পরিচালনার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে।

এই সমীক্ষায় তিস্তার পানিপ্রবাহ, নদীর গতিপ্রকৃতি, ভূপ্রাকৃতিক পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা পর্যালোচনা করা হবে। আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের মাধ্যমে প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনা রয়েছে।

তবে নদী রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা সংগঠনগুলোর দাবি, সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি দ্রুত বাস্তবায়নের সময়সূচি ও অর্থায়নের বিষয়টি চূড়ান্ত করতে হবে।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী জানান, মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাছে ছয় দফা প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একনেকে প্রকল্পের বাজেট অনুমোদন, বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা, তিস্তা কর্তৃপক্ষ গঠন, তিস্তা বন্ড চালু, অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং নদীর সঙ্গে সংযুক্ত ২২টি শাখা নদী পুনরুজ্জীবিত করা।

সংগঠনটির সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, তিস্তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা আশ্বাস দেওয়া হলেও নদীপাড়ের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এবার প্রধানমন্ত্রীর সফরে তাঁরা কার্যকর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। শুধু পরিকল্পনার কথা নয়, কবে নাগাদ কাজ শুরু হবে, কীভাবে অর্থায়ন হবে এবং কোন সময়ের মধ্যে প্রকল্প শেষ হবে, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা চান তাঁরা।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আসন্ন লালমনিরহাট সফরকে ঘিরে তিস্তাপাড়ে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। নদীভাঙনে সর্বস্ব হারানো পরিবার থেকে শুরু করে কৃষক ও স্থানীয় আন্দোলনকারীদের একটাই দাবি—দীর্ঘদিনের আলোচিত তিস্তা মহাপরিকল্পনা যেন আর প্রতিশ্রুতির মধ্যে আটকে না থাকে, এবার শুরু হোক বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১