গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:১০:৩১
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামী ১৯ নভেম্বরকে কেন্দ্র করে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আর নীরব দর্শকের ভূমিকা পালনের সুযোগ নেই। এর প্রতিকার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্ধারিত আলোচনায় যাওয়ার আগে সদ্য পাওয়া একটি উদ্বেগজনক তথ্য সংসদকে জানানো জরুরি বলে মনে করছেন তিনি। তাঁর ভাষ্য, গত কয়েক দিন ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলায় অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। এর ধারাবাহিকতায় আজ ওই জেলার টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। আত্মরক্ষার জন্য পুলিশ পিছু হটেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম পুলিশের কোনো সূত্রের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, তিনিও এ ধরনের ঘটনার কথা শুনেছেন। গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। অথচ কয়েক দিন ধরে সেখানে একই পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে সরকারের কিছু পদক্ষেপ দেখা গেলেও সেগুলো পর্যাপ্ত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে, বদলি করা হয়েছে তিনজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি)। এর বাইরে আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগব্যবস্থা বিস্তৃত। ফলে দেশের বড় একটি অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। সংসদে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে আশ্বাস চান তিনি। নিরীহ মানুষের জীবন, সম্পদ ও মর্যাদার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনা সুরক্ষায় কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানতে চান।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে—এমন তথ্য তাঁদের কাছে রয়েছে। সরকারের কাছেও এ তথ্য থাকার কথা বলে আশা প্রকাশ করেন তিনি। তবে সরকারের কাছে তথ্য না থাকলে এবং বাস্তবে এমন কিছু না ঘটলে সেটি ভালো হবে বলেও মন্তব্য করেন। তাঁর দাবি, কার কার বাড়িতে এবং কোথায় কোথায় আগুন দেওয়া হবে, কোথায় লুটপাট চালানো হবে, তা আগেই ঘোষণা করা হয়েছে। এরপরও সরকার ও সংসদ চলমান থাকলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। জাতিকে আশ্বস্ত করতে এবং সংসদকে পরিস্থিতি সম্পর্কে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। কেউ সমস্যার দিকগুলো তথ্য-উপাত্ত দিয়ে তুলে ধরেছেন, আবার কেউ সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেছেন। উপস্থাপিত তথ্য-উপাত্ত যথাযথ হোক, সেটিই তাঁদের প্রত্যাশা।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির প্রাণ। দেশের বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশ আসে এ খাত থেকে। এ খাত থেকে বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয়। রপ্তানি আয়ের পরের গুরুত্বপূর্ণ উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।

গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, এ শিল্পে বিপর্যয় দেখা দিলে উদ্যোক্তা ও মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন না। শিল্পমালিকেরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং খাতেও এর প্রভাব পড়বে। ব্যাংক কিস্তির টাকা ফেরত না পেলে অর্থের প্রবাহ বাধাগ্রস্ত হবে।

জামায়াতের আমির বলেন, শিল্পমালিকেরা উৎপাদনে যেতে না পারলে কিংবা উৎপাদন অব্যাহত রাখতে ব্যর্থ হলে শ্রমিকদের পাওনা পরিশোধ করাও তাঁদের পক্ষে সম্ভব হবে না। সে ক্ষেত্রে কারখানায় লে-অফ ঘোষণা করা হতে পারে। এতে আবারও বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা তৈরি হবে। এমন পরিস্থিতিতে মালিক, শ্রমিক কিংবা দেশের কারও লাভ হবে না; বরং সবাই ক্ষতিগ্রস্ত হবেন।

শ্রমিকদের কর্মসংস্থান হারানোর আশঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, বিপুলসংখ্যক শ্রমিক কাজ হারালে তাঁরা কোথায় যাবেন? এই মুহূর্তে তাঁদের হাতে কাজ তুলে দেওয়ার মতো বিকল্প সুযোগ বাংলাদেশে আছে কি না, তা বিবেচনা করা প্রয়োজন। এমন সুযোগ না থাকলে সামাজিক অস্থিরতা তৈরি হবে, যার প্রভাব পুরো জাতির ওপর পড়বে। তাই এ খাতকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

গার্মেন্টস খাতের সমস্যা সমাধানে সরকার এককভাবে ব্যর্থ হলে বড় বিপর্যয় দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, কোনো কারণে সরকার এককভাবে এ খাতের সংকট মোকাবিলায় ব্যর্থ হলে তা দেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। তাঁরা এমন পরিস্থিতি এড়াতে চান। সরকার তাঁর প্রস্তাব গ্রহণ করবে কি না, সেটি সরকারের বিষয়। তবে তিনি তাঁর এক সহকর্মীর দেওয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি সচল রাখার দায়িত্ব সবার। এ দায়িত্ব পালনে সরকারি ও বিরোধী দল, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এমন উদ্যোগ নেওয়া হলে বাইরে থেকে যারা উসকানি ও প্ররোচনা দিচ্ছে, তাদের কাছেও একটি বার্তা যাবে। তাঁর বিশ্বাস, এ বার্তা অস্থিরতা কমাতেও ভূমিকা রাখবে।

জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ইস্যুতে সম্মিলিতভাবে কাজ করা গেলে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরবে। বর্তমানে আস্থাহীনতার একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকারি আর্থিক প্রণোদনার প্রস্তাব দিয়ে জামায়াতের আমির বলেন, দেশের প্রধান রপ্তানি খাত হওয়ায় মোট রপ্তানির ৮০ শতাংশের সঙ্গে এ শিল্প জড়িত। প্রতিবেশী দেশেও এ ধরনের ব্যবস্থা রয়েছে। সেখানে প্রতিষ্ঠান বেসরকারি হলেও শ্রমিকদের সরকার সরাসরি আর্থিক প্রণোদনা দেয়।

তিনি বলেন, শিল্পমালিকেরা উৎপাদন বাড়াতে না পারলে কিংবা লাভের মুখ দেখতে না পেলে এ শিল্প কীভাবে চলবে, সেটি বিবেচনা করা দরকার। তাই মালিক ও শ্রমিক—উভয় পক্ষকেই সুরক্ষা দিতে হবে। মজুরি বোর্ড গঠনকে তিনি ইতিবাচক উল্লেখ করে বলেন, সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে তাঁর প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হলে সবাই মিলে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

আলোচনার শেষ পর্যায়ে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, বিষফোড়া এক জায়গায় সীমাবদ্ধ থাকবে—এমন ধারণার কারণ নেই। একজন চিকিৎসক হিসেবে তিনি জানেন, বিষফোড়ার জীবাণু রক্তে ছড়িয়ে পড়লে তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তাই জীবাণু রক্তে মিশে যাওয়ার আগেই ওই বিষফোড়ার চিকিৎসা করতে হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে অনেক নাগরিক, দেশপ্রেমিক ও নিরীহ মানুষ বসবাস করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারসহ সবার সম্মিলিত দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা দেশকে ভালোবাসলে এমন কাজ করতে পারত না। সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা, মানুষের প্রাণ কেড়ে নেওয়া কিংবা আগাম ঘোষণা দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে আর বসে বসে দেখার সময় নেই। পরিস্থিতি মোকাবিলায় অবশ্যই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। এ প্রতিকারই তাঁরা চান। সূত্র: ঢাকাপোস্ট


সদ্য সংবাদ/ এআর



রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, সন্দেহভাজন আটক সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, সন্দেহভাজন আটক