ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর থেকেই পদ্মা নদীর ওপর ঘন কুয়াশার চাদর থাকায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নিরাপদে ফেরি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলে ভোর ৫টা ৪৫ মিনিটে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের দুই পাশে কয়েকটি ফেরি আটকে রাখা হয়। ফলে নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনকে সাময়িক ভোগান্তিতে পড়তে হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ডিউটি কর্মকর্তা মো. বশির আহমেদ জানান, দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২ ঘণ্টা ২০ মিনিট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে পরিস্থিতি অনুকূলে আসায় সকাল ৮টা ৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
সদ্য সংবাদ/এজে