সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে ব্যানারটি লাগানো হয়। বুধবার (১৮ নভেম্বর) সকালে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গভীর রাতে দুই ব্যক্তি সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে একটি ব্যানার লাগাচ্ছেন। ভিডিওতে তাঁদের ব্যানার টানানোর দৃশ্য ধারণ করতেও দেখা যায়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রাত ৮টা পর্যন্ত দলীয় কার্যালয়ে তাঁদের সাংগঠনিক কার্যক্রম চলেছে। এরপর নেতা-কর্মীরা নিজ নিজ বাসায় চলে যান। কার্যালয়ের দায়িত্বে থাকা পিয়ন রাতে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে কেউ সেখানে ব্যানার লাগিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে যখন সবাই ঘুমিয়ে থাকেন, তখন এভাবে ব্যানার টানিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়াকে রাজনৈতিক কর্মকাণ্ড বলা যায় না। রাজনীতি করতে হলে প্রকাশ্যে মাঠে এসে করতে হবে।
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এ ঘটনায় জেলা বিএনপি উদ্বিগ্ন বা বিচলিত নয়। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
সদ্য সংবাদ/এসএস