দেশের ৪ হাজার ৫৮৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় ২০২৬-২৭ অর্থবছরে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে সরকার। এর মধ্যে সাধারণ বরাদ্দের দ্বিতীয় কিস্তি হিসেবে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।
গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ অর্থ ছাড়ের বিষয়ে মঞ্জুরি আদেশ জারি করে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাত থেকে এ অর্থ দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দের মধ্যে সাধারণ বরাদ্দ বা বিবিজি খাতে রাখা হয়েছে ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। এর দ্বিতীয় কিস্তির অর্থই এখন ছাড় করা হয়েছে।
বরাদ্দের অর্থ পেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসককে নির্ধারিত সরকারি মঞ্জুরি আদেশ অনুসারে টিআর ফরম নম্বর-৩২-এ বিল তৈরি করতে হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর নিয়ে তা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। এ প্রক্রিয়ায় ইউএনও আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
অর্থ স্থানান্তরের ক্ষেত্রে জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ব্যাংক হিসাবে অ্যাকাউন্ট পে-ইং চেক ইস্যু করা হবে।
মঞ্জুরি আদেশে অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বরাদ্দের অর্থ উত্তোলন ও ব্যয়ের প্রতিটি তথ্য ক্যাশবুক, রেজিস্টারসহ প্রয়োজনীয় হিসাবের নথিতে সংরক্ষণ করতে হবে। এ দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা।
এ ছাড়া অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫ এবং প্রচলিত আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে। বরাদ্দ থেকে ব্যয় না হওয়া অর্থ আগামী ৩০ জুন ২০২৭-এর মধ্যে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশনাও রয়েছে।
অর্থ ছাড়ের আদেশের অনুলিপি অর্থ বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, ইউএনও এবং জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে