নদীভাঙন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয় কুড়িগ্রামের চরাঞ্চলের বাসিন্দাদের। জীবিকার অনিশ্চয়তা কাটিয়ে নিজেদের আয় বাড়ানো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে চিলমারীতে আয়োজন করা হয়েছে আয়বর্ধনমূলক কর্মকাণ্ড ও প্রদর্শনী মেলা।
বুধবার (১৮ নভেম্বর) চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়ন মাঠে দিনব্যাপী এ আয়োজন করা হয়। স্বপ্ন এগ্রিগেশন অ্যান্ড মার্কেটিং সেন্টার, মুদাফদ কালিকাপুরের উদ্যোগে অনুষ্ঠিত মেলায় আর্থিক ও কারিগরি সহায়তা দেয় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।
মেলায় স্থানীয় উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য ও বিভিন্ন আয়বর্ধক উদ্যোগ তুলে ধরেন। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চান। পরে আয়োজিত আলোচনা সভায় চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ভালো পারফরম্যান্স করা স্টল পরিচালকদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম। অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলহাজ্ব সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুস সালাম সরকার শুভেচ্ছা বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হালিম। এ সময় ঢুষমারা থানার এসআই কার্তিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, চরাঞ্চলের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে আর্থিক সহায়তার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া গেলে তাদের আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে। ক্ষুদ্র ও কুটিরশিল্প, কৃষি, খামার ব্যবস্থাপনা এবং কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের মানুষ কেবল সহায়তার ওপর নির্ভরশীল না থেকে নিজেদের দক্ষতা ও শ্রম কাজে লাগিয়ে স্থায়ী আয়ের পথ তৈরি করতে পারবেন। এতে স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে।
সদ্য সংবাদ/এজে