গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের ক্যাম্পাসের বাইরে অবস্থান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার খেলা দেখতে যাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পদত্যাগের দাবিও জানিয়েছেন কেউ কেউ।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭-এর খেলা দেখতে যান উপাচার্য। এর আগে ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদি চত্বরের নামসংবলিত ব্যানার পরিবর্তন এবং পরে তা সরিয়ে ফেলা নিয়ে উত্তেজনা তৈরি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এসব ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্যাম্পাসে হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁরা দাবি করেন। পরিস্থিতি নিয়ে প্রশাসনের কাছে বারবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালেও প্রত্যাশিত সাড়া মেলেনি বলে অভিযোগ তাঁদের।
এদিকে, ১৭ নভেম্বর রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি রিজেন্ট বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা দুই দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যেই বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন বলে শিক্ষার্থীরা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর করে পুরোনো নামসংবলিত ব্যানার টাঙানো হয়। শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের দাবি, প্রধান ফটকের ঘটনাটি আগে থেকেই পরিকল্পিত ছিল। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও তা ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এমন অবস্থায় উপাচার্য ক্যাম্পাসে না থাকায় তাঁদের নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তাঁরা। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবিও জানানো হয়েছিল। সংকটের সময় উপাচার্যকে শিক্ষার্থীদের পাশে পাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
ফারুক খন্দকার আরও জানান, প্রধান ফটকের ব্যানার পরিবর্তনের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করা হয়নি। শিক্ষার্থীদের সতর্ক থাকার পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, ক্যাম্পাসের বাইরে অবস্থানের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জানান, ১৯ নভেম্বর ঢাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ২৯৮তম সভায় অংশ নেওয়ার কথা থাকায় তিনি বাইরে রয়েছেন।
তবে একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, ১৭ নভেম্বর রাতেই বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য সচিব মো. মোতাহের হোসেনের স্বাক্ষরিত নোটিশে সভাটি বাতিল করা হয়। সভা বাতিলের পরও উপাচার্য কেন ক্যাম্পাসে ফিরছেন না, এমন প্রশ্নে তিনি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, একের পর এক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলেও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন তাঁরা। এমনকি তিনি ক্যাম্পাসে ফিরতে চাইলে তাঁকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন কিছু শিক্ষার্থী।
সদ্য সংবাদ/এজে