চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন নারী রয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সম্রাট (২৪), মো. রাশেদ খাঁন (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ অক্টোবর দুপুরে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন একটি কাঁচা সড়কে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ এবং পল্লিচিকিৎসক বাবুল দাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পরপরই ভূজপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে সম্রাট ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তার কাছ থেকে ছিনতাই হওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল।
পরে তদন্তের অংশ হিসেবে গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া জবানবন্দির সূত্র ধরে শনিবার রাতে জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখিয়ে দেওয়া জায়গা থেকে বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর রাখা একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে লুকানো ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে এ ঘটনায় উদ্ধার করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার টাকা।
চট্টগ্রাম জেলা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আবু ও সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ছিনতাই হওয়া অবশিষ্ট ২ লাখ টাকা উদ্ধারে অভিযান চলছে।
সদ্য সংবাদ/এসএস