দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্টেশন থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মিছিলটি আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে পথসভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, ওমর ফারুক ও সামছুর রহমানসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং সুনামগঞ্জ সদর, পৌরসভা, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, দিরাই, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরাও কর্মসূচিতে যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ ও সংগঠিত থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে জেলা ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
সদ্য সংবাদ/এসএস