চট্টগ্রামের সীতাকুণ্ডে জাল টাকা বিক্রির অভিযোগে ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-৭। এ সময় তার কাছ থেকে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন অভিযান সংশ্লিষ্টরা।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গত ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেলে অভিযান চালানো হয়। জাল নোট বিক্রির উদ্দেশ্যে একটি চক্রের সদস্য সেখানে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফজলুকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ৩ লাখ টাকার জাল নোট পাওয়া যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জাল টাকা তৈরির সরঞ্জাম রাঙামাটি জেলার পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে বলে তথ্য দেন। ওই তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসাটিতে অভিযান চালানো হয়। বাসাটির মালিক নুরুল আলম। সেখান থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।
আটক ফজলু কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মো. গিয়াস উদ্দিন হায়দারের ছেলে। উদ্ধার করা জাল নোট ও জব্দ করা সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস