সুন্দরবনের বাঘ লোকালয়ে চলে এলেও সীমান্ত পেরিয়ে শেখ হাসিনা কিংবা তাঁর কোনো অনুসারীকে শ্যামনগরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান।
রোববার শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে মনিরুজ্জামান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারানো ১ হাজার ৪০০ মানুষের স্বজনদের শোক এখনো কাটেনি। এ অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবেশী দেশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এই বিএনপি নেতা। তাঁর অভিযোগ, শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবারও অন্য দেশের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশ আর কোনো দেশের অধীন থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ।
এ ছাড়া স্থানীয় বিএনপি নেতা নুরুজ্জামান, জি এম লিয়াকত আলী, আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, আবুল কাশেম মোড়ল ও কামরুজ্জামানসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য দেন।
সদ্য সংবাদ/এসএস