দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
দুপুরে কুড়িগ্রাম বাজার থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক সামসুল আলম রানা। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি নাসিম পারভেজ। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।
বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও তাঁর দলের নেতাকর্মীদের একটি অংশ পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা বলেন, শেখ হাসিনার আর দেশে ফিরে আসার সুযোগ নেই। তবে তাঁর অনুসারীদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি সরাফাত চৌধুরী বিপ্লব, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান টিপু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, যুগ্ম আহ্বায়ক রকি বকসি, কাজল, বুলেট ও ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সদ্য সংবাদ/এসএস