ইসলামি বক্তা জাকির নায়েক এবং তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী পাঁচ বছরও ভারতে নিষিদ্ধ থাকবে সংস্থা ও এর কার্যক্রম।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়।
এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও পাঁচ বছরের জন্য বহাল রেখেছিল ভারত সরকার। এরও পাঁচ বছর আগে, ২০১৬ সালে প্রথমবারের মতো জাকির নায়েক ও তাঁর সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
জাকির নায়েকের বিরুদ্ধে তহবিলের অপব্যবহারসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছে সংস্থা দুটি।
এ ছাড়া ২০২০ সাল থেকে ভারতে জাকির নায়েকের বক্তব্য ও বক্তৃতা জনসমক্ষে প্রচারেও নিষেধাজ্ঞা রয়েছে। ২০১৭ সাল থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।
ভারত সরকারের দাবি, জাকির নায়েকের বক্তব্য এবং আইআরএফের কার্যক্রম দেশটির জাতীয় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদ্বেগ তৈরি করতে পারে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন জাকির নায়েক।
সদ্য সংবাদ/এজে