যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর হিসেবে পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করেছেন আব্দুল এল-সায়েদ। এ জন্য ঐতিহাসিক দুটি কোরআনের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে চান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এ পরিকল্পনার কথা জানান এল-সায়েদ। আগামী ৩ জানুয়ারি ২০২৭ সালে নবনির্বাচিত অন্য জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁরও শপথ নেওয়ার কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানের জন্য বিবেচনায় থাকা কোরআন দুটির একটি ছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে। অন্যটি প্রাচীন একটি কোরআন, যা বর্তমানে মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হন আব্দুল এল-সায়েদ। নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন। তাঁর এ বিজয়ের মধ্য দিয়ে দেশটির সিনেটে প্রথমবারের মতো একজন নির্বাচিত মুসলিম প্রতিনিধির অন্তর্ভুক্তি ঘটেছে।
যুক্তরাষ্ট্রের সংবিধানে শপথ গ্রহণের ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ধর্মগ্রন্থ ব্যবহারের সুযোগ রয়েছে। সেই বিধান অনুসারেই পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এল-সায়েদ।
সদ্য সংবাদ/এজে