হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ০২:০৮:০৪
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগে ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এ বিষয়ে অবগত ছয়টি সূত্রের বরাতে এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

‘এনএসএ নেট’ (NSA Net) নামের এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় ও শ্রেণিবদ্ধ তথ্য আদান-প্রদান করেন। তবে এ বিপর্যয়ের পেছনে এখন পর্যন্ত সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

নেটওয়ার্কটি অচল হওয়ার কারণ এবং সমস্যার ব্যাপ্তি নির্ধারণে কাজ করছে সংস্থাটি। এ পরিস্থিতিতে কর্মীদের পর্যায়ক্রমে কর্মস্থলে প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে এনএসএর সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা জানিয়েছেন, এনএসএ নেট অচল থাকলেও এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছাতে কোনো সমস্যা হবে না। বর্তমানে এয়ারফোর্স ওয়ানে করে এশিয়া সফর করছেন ট্রাম্প।

ওই দুই কর্মকর্তা জানান, প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে মার্কিন সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় গোপনীয় তথ্য আদান-প্রদান করা সম্ভব।

ট্রাম্প বর্তমানে ফিলিপাইনে রয়েছেন। আগামীকাল বুধবার তাঁর চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা। সেখানে চীনা নেতা সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তাঁর।

যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থার যোগাযোগ নেটওয়ার্কে এ বিপর্যয় এমন এক সময়ে ঘটল, যখন দেশটির বিভিন্ন বিমান সংস্থা ও বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানও ধারাবাহিকভাবে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছিল, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটি থেকে এ সমস্যার সূত্রপাত।

এদিকে গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন পণ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আউটলুক ই-মেইল ও টিমস মিটিং সেবায় প্রবেশ করতে পারেননি।

এনএসএ, এফএএ কিংবা মাইক্রোসফটের এসব প্রযুক্তিগত বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, প্রযুক্তিগত ব্যবস্থার সামান্য ত্রুটিও গুরুত্বপূর্ণ সেবা, আর্থিক বাজার, এমনকি জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন