দেশের তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতার পেছনে পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, দেশে গণতান্ত্রিক পরিবেশ ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে তৎপরতা চালাচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্টরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আর্থিক খাত ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা কিংবা ভালোবাসা নেই।
তিনি বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিদেশি বিনিয়োগও আসছে। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পতিত ফ্যাসিবাদ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
পোশাক শিল্পের অস্থিরতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার কাজ করছে। এ পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা প্রয়োজন।
সদ্য সংবাদ/এসএস