কুকুর নির্বাচন এবং মূল্যায়নসংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা। পাঁচ দিনের এই সফরের সব খরচ বহন করবে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান। ফলে এতে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
সফরকারী চার কর্মকর্তা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপকমিশনার মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।
আদেশ অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯ নভেম্বরের মধ্যে অথবা নিকটতম সুবিধাজনক সময়ে তাঁদের এ সফর অনুষ্ঠিত হবে। ভ্রমণ ও ট্রানজিটের সময় বাদ দিয়ে নেদারল্যান্ডসে পাঁচ দিন অবস্থান করে কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন তাঁরা।
সফরসংক্রান্ত আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান যাবতীয় ব্যয় বহন করবে। কর্মকর্তাদের বিদেশ সফর ও যাতায়াতের সময় সরকারি দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। তবে অনুমোদিত সময়ের বাইরে তাঁদের অবস্থানের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে না।
এ ছাড়া দেশে ফেরার ১৫ দিনের মধ্যে সফরের বিস্তারিত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে।
আদেশে স্বাক্ষরকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতেই অফিস আদেশ জারি করা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি তিনি।
সদ্য সংবাদ/এজে