সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত কাঠের ট্রলার।
রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, সাগরপথে একটি ট্রলারে বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ভোর থেকেই ট্রলারটির ওপর নজর রাখা হচ্ছিল। পরে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার নির্দেশ দিলেও ট্রলারটি পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া করে সেটি আটক করা হয়।
পরে ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এরপর নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়। পরিচয় যাচাইয়ে তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া যায়।
অভিযান শেষে মানবপাচারে জড়িত থাকার সন্দেহে সাতজনকে আটক করে কোস্ট গার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত কাঠের ট্রলারটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুরে টেকনাফে সংবাদ সম্মেলন করা হবে।
সদ্য সংবাদ/এসএস