আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশের মানুষ একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য আত্মত্যাগ করেনি; বরং রাষ্ট্রব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থেকেই আন্দোলনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বক্তব্যে শফিকুর রহমান বলেন, দেশের পরিবর্তনের আকাঙ্ক্ষায় তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জামায়াতের সাত দফা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো শুধু দলের নিজস্ব দাবি নয়, বরং জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। তার দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে এর পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সনদের কয়েকটি বিষয়ে দলটি ভিন্নমত দিয়েছে। তার অভিযোগ, যেসব বিধান থাকলে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা কঠিন হবে, সেসব বিষয়েই বিএনপি আপত্তি জানিয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের পরও সাধারণ মানুষের ভোগান্তি কমেনি। চাঁদাবাজি, দখলদারত্ব, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো কর্মকাণ্ডের কারণে মানুষ কষ্ট পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গত ১৮ নভেম্বর সংসদ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত চা-চক্রের প্রসঙ্গও তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত জাতীয় ঐক্যের পক্ষে। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হলে সেই ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে না।
সদ্য সংবাদ/এসএস