জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৬ ০১:৪২:৪১
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে গুরুতর ভুল তথ্য ছাপা হয়েছে। ক্যালেন্ডারের একটি ছবিতে ব্যবহৃত ব্যানারে তাঁকে শেখ হাসিনার মা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভুল তথ্যসংবলিত ক্যালেন্ডারটি দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সম্মেলনে অতিথিদের মধ্যেও বিতরণ করা হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর ক্যালেন্ডারের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম বন্ধ করা হয়েছে। বিতরণ করা ক্যালেন্ডার ফেরত নেওয়ার উদ্যোগও নিয়েছে বিশ্ববিদ্যালয়।

এ ঘটনায় জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, একজনের দায়িত্ব প্রত্যাহার এবং তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মাহফুজ আল হোসেনের সই করা পৃথক অফিস আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে মোনাজাতরত ব্যক্তিদের পেছনে থাকা কালো ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’।

তবে ব্যানারের ওপরের অংশে ছোট অক্ষরে লেখা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। পাশাপাশি ব্যানারের বাম পাশে থাকা একটি ছবির নিচে লেখা রয়েছে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের’ নাম।

অর্থাৎ, খালেদা জিয়ার কবর জিয়ারতের ছবির ব্যানারে তাঁর নামের সঙ্গে ফজিলাতুন নেছা মুজিবের পরিচয় যুক্ত করা হয়েছে। ক্যালেন্ডার প্রস্তুত, সম্পাদনা, যাচাই, অনুমোদন ও মুদ্রণের একাধিক ধাপ পার হওয়ার পরও এমন ভুল কীভাবে থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টিকে ওই কর্মকর্তার অসচেতনতা ও দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জনসংযোগ দপ্তরের চুক্তিভিত্তিক কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে এ আদেশ কার্যকর হয়েছে।

একই দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং দুই উপপরিচালককে তাৎক্ষণিকভাবে বদলি করে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের জন্য মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুলের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। গত ২৮ নভেম্বর অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’ এ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণ করা হয়েছিল।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হয়েছে। যেসব অধ্যক্ষ ও অতিথির কাছে ক্যালেন্ডার পৌঁছেছে, সেগুলো ফেরত আনার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ক্যালেন্ডার প্রস্তুত, যাচাই ও মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার কারণ, দায়দায়িত্ব এবং প্রক্রিয়াগত ত্রুটি শনাক্ত করতে বিস্তারিত তদন্ত চলছে।

কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের প্রকাশনার ক্ষেত্রে প্রস্তুত, সম্পাদনা, যাচাই ও অনুমোদনের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল। দায়িত্বে অসচেতনতা ও অবহেলার ঘটনায় প্রাথমিকভাবে দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে।

তদন্তে আরও কারও দায় প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো শিথিলতা বা নমনীয়তা দেখানোর সুযোগ নেই বলেও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।​

সদ্য সংবাদ/ এরআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল