শেখ হাসিনাকে বিদেশ থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। একই সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিল চলাকালে তাঁরা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলা হয়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানান আন্দোলনকারীরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে। কিন্তু সেই শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা না গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের নামে যাঁরা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা করছেন এবং সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছেন, তাঁদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, দেশের সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের পরিচয়ে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতা চালানোর সুযোগ নেই।
প্রতিটি হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। এসব ঘটনার যথাযথ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদলের দাবি ও কর্মসূচি অব্যাহত থাকবে।
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, রাশেদ, অনিক, নাহিয়ান বিন অনিক ও পরাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
সদ্য সংবাদ/ এরআর