জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে নিতে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ২০০১-২০০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম রফিককে আহ্বায়ক এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল খায়ের ফরাজিকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষণা অনুযায়ী গত ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অ্যালামনাইদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক। সভায় বিভিন্ন শিক্ষাবর্ষের অ্যালামনাইদের পাশাপাশি বিভাগের শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ, সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন।
সভায় পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত অ্যালামনাইরা গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ও বিষয় নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ কার্যক্রম, পরিচালনা পদ্ধতি এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র চূড়ান্ত করা এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মো. রফিকুল ইসলাম রফিককে আহ্বায়ক এবং আবুল খায়ের ফরাজিকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আরও ৯ জন সদস্য অন্তর্ভুক্ত করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
নবমনোনীত আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, "আমাদের মূল লক্ষ্য হবে পরিসংখ্যান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সেতুবন্ধন তৈরি করা। এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে বয়স, ব্যাচ কিংবা অবস্থানের পার্থক্য ভুলে সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, একে অপরের পাশে দাঁড়াবেন এবং সম্মিলিতভাবে বিভাগের সামগ্রিক উন্নয়নে কাজ করবেন। আহ্বায়ক কমিটি হিসেবে আমাদের প্রথম ও প্রধান কাজ হলো দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।"
সদ্য সংবাদ/ এরআর