প্রশাসনের ১৬ জন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাঁদের মধ্যে ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিব রয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণ উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা এবং দলটির আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত হওয়ায় তাঁদের চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম ও গৌতম চন্দ্র পালকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহির রায়হান, হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দীকী, নুরুন আখতার ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
অন্যদিকে, ওএসডি যুগ্ম সচিব নিরোদ চন্দ্র মণ্ডল, মনিরা বেগম, আল মামুন মুর্শেদ ও মোহাম্মদ নুরুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করেছে। এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাঁদের অবসর দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তাঁরা বিধি অনুযায়ী অবসরজনিত সুযোগ সুবিধা পাবেন।
সদ্য সংবাদ/ এরআর