প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে গঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে সংগঠনটির ২০২৬-২৭ বর্ষের সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেস ক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার (২৯ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যালয়ে এ তথ্য জানান নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জনি আলম ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার প্রার্থী ও ভোটারদের নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবহিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে নয়টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। মোট ভোটার ১৮ জন। সদস্যরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন পর গণতান্ত্রিক পরিবেশে উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই নির্বাচনের মাধ্যমে একদিকে যেমন গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, তেমনি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি সুযোগ সৃষ্টি হয়েছে। যাঁরা আগে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের নেতৃত্বও আরও শাণিত হবে বলে বিশ্বাস করি। নির্বাচিতদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ভূমিকা রাখবে বলে আশা করি।’
কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, ‘কুবি প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেস ক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনি বিধিমালা অনুসরণ করে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’
সদ্য সংবাদ/ এরআর