কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন।’
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মাদারীপুরের টেকেরহাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য দেন ওসি শেখ আমিনুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, ‘ধন্যবাদ আপনাদের সবাইকে। গত রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এ জন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
ওসির বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তার কাছ থেকে এমন বক্তব্য আসায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা যাতে কোনো ধরনের ভাঙচুর ও নাশকতায় জড়াতে না পারেন, সে জন্যই তিনি এমন বক্তব্য দিয়েছেন। আন্দোলনকারীরা পুলিশ কিংবা সাধারণ মানুষের ওপর হামলা চালালে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত বলে আশঙ্কা করেছিলেন তিনি। এমন পরিস্থিতি এড়াতেই কৌশল হিসেবে ওই বক্তব্য দিয়েছেন বলে জানান ওসি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর বক্তব্যের ভিডিও ঘিরে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/ এরআর