সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানায় ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনসচেতনতা বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যকর রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা হবে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষাঙ্গনের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
সংগঠনটি জানায়, দেশব্যাপী শুরু হওয়া তিন মাসের ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পক্ষ থেকে দুই দিনের এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস